কারিগরি ত্রুটির কারণে সমুদ্রে স্থাপিত এলএনজি টার্মিনালের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)-এর একটি হঠাৎ বিকল হয়ে পড়ায় দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এতে দেশের প্রধান গ্যাস বিতরণ ব্যবস্থায় সরাসরি প্রভাব পড়েছে।
সংস্থাটি আরও জানায়, সরবরাহ কমে যাওয়ার কারণে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাঞ্চলসহ তিতাসের আওতাধীন বিস্তৃত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। এর প্রভাবে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না থেকে শুরু করে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমেও বিঘ্ন ঘটতে পারে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে এলএনজি নির্ভরতা বাড়তে থাকায় এমন কারিগরি ত্রুটির প্রভাব এখন আরও বেশি দৃশ্যমান হচ্ছে। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক চাপ তৈরি হয়েছে, যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল হয়ে যাওয়া ইউনিটটি দ্রুত সচল করার কাজ চলছে। তারা আশা করছে, মেরামত কাজ শেষ হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এদিকে, গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দৈনন্দিন কাজে বিঘ্ন দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
এম







































