ফাইল ছবি
দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তরফ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শুক্রবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বেনজীর আহমেদকে দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটিই হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তবে আশা করি খুব শিগগিরই জানানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেনজীরকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর তারা ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেছিল। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাত্র তিন দিনের মধ্যেই সব কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়।
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট বহন করছেন কি না এবং এতে তাকে দেশে ফেরানো কঠিন হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা এখনো ইউএই সরকারের উত্তরের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, তিনি দেশটির ফেডারেল পুলিশের হেফাজতেই আছেন। এর বাইরে অন্য কোনো তথ্য আমাদের জানা নেই।
এসএইচ






























-6a397791a3645-20260622190839.jpg)








