• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ সড়কে নামছে ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৬, ০৮:৩২ এএম
আজ সড়কে নামছে ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও এই বিশেষ বাস সার্ভিস চালু হবে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস’ সার্ভিসের উদ্বোধন করা হবে। সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিংক কালারের ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।


রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও আজ থেকে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।

চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

এরশাদ উল্লাহ বলেন, শুরুতে রাজধানী ঢাকায় এই বাস সার্ভিস চালুর কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও এর আওতায় নেয়া হয়েছে। চট্টগ্রামের জন্য দুটি বাস বরাদ্দ দেয়া হয়েছে এবং সেগুলো আজ থেকে চলাচল শুরু করবে। সকাল ১০টায় বাস দুটির উদ্বোধন করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এম

Link copied!