• ঢাকা
  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এইচটি ইমাম ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দিতে মরিয়া এসএসবি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৬, ০৪:৩২ পিএম
এইচটি ইমাম ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দিতে মরিয়া এসএসবি

ছবি : সংগৃহীত

ঢাকা: ক্ষমতায় আসার পর ২০০৯ সালে দলীয় কর্মীদের ক্যাডার সার্ভিসে নিয়োগের প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ সরকার। ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দিতে এসআরও জারি করে। এসআরও অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতি জনিত শূন্য ক্যাডার পদে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী নিয়োগ দেয়ার নিয়ম চালু করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় ৩০ তম ব্যাচের নিয়মিত উপসচিব পদোন্নতিতে এসআরও এর মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৩১ ব্যাচের নিয়মিত উপসচিব পদোন্নতিতে এসআরওতে নিয়োগ পাওয়া এইচটি ইমাম ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দিতে মরিয়া হয়ে উঠেছে সুপিরিয়ার সিলেকশন বোর্ড (এসএসবি)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তার চাপে তাদের পদোন্নতি দিতে তড়িঘড়ি করে পাবলিক সার্ভিস কমিশনের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১০ আগস্ট পিএসসির সচিব বরাবর পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,  বিসিএস  (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের সাথে জনপ্রশাসন মন্ত্রণালযর ২৩.১০.২০১২ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.৩০.০১৩.১১-২৪৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে ০৪ (চার) জন এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১তম ব্যাচের সাথে ১২.০৬.২০১৩ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.৩১.০১০.১২-১৩১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে ১২ জন (প্রশাসন ক্যাডারের ১০ জন এবং পূর্বের ইকনমিক ক্যাডার হতে প্রশাসন ক্যাডারে মার্জকৃত ০২ জন) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সুপারিশ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছিল কি না-এ বিষয়ে ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে মতামত প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনপ্রশাসন সূত্র জানায়, এই চিঠি পাঠানোর আগেই পিএসসিকে ইতিবাচক একটি মতামত তৈরি রাখতে নির্দেশনা দেওয়া হয়। ফলে চিঠি পাঠানোর সাথে সাথেই পিএসসি এ বিষয়ে একটি ইতিবাচক মতামত তৈরি করে জনপ্রশাসনে পাঠিয়ে দেয়। যেটার ওপর ভিত্তি করে এইচটি ইমাম ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করে এসএসবি। পদোন্নতির প্রজ্ঞাপন দু‘এক দিনের মধ্যেই জারি হতে পারে বলে সূত্রটি জানায়।

জানা গেছে, ৩১তম বিসিএসের নিয়োগের প্রথম গেজেট হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। এর ছয় মাস পর পরের বছরের ১২ জুন এই ভুয়া ক্যাডারদের নিয়োগের সুপারিশ করে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার।

নিয়োগপ্রাপ্ত ২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ১১জন, পুলিশ ক্যাডারে ছয়জন, ইকোনমিক ক্যাডারে তিনজন, তথ্য ক্যাডারে একজন, পরিবার পরিকল্পনায় একজন এবং কর ক্যাডারে একজন নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দলীয় বিবেচনায় এসআরওর মাধ্যমে যোগদান করা মেহেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। এই কর্মকর্তাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ওএসডি করা হয়। চার মাস ওএসডি থাকার পর তাকে আবারো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পদায়ন করা হয়। এর আগে এই কর্মকর্তা ঢাকার নবাবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার, আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেছেন।

একইভাবে নিয়োগ পান পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব এস এম সাদিক তানভীর। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকাকালে গাজীপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ও সঠিক মালামাল ব্যবহার না করাসহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগে এই কর্মকর্তাকে বরিশালে বদলি করা হয়। এই কর্মকর্তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন।

একইভাবে নিয়োগ পাওয়া পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাঈকা সাহাদাত। এই কর্মকর্তা কক্সবাজারের পেকুয়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ১৫ টন ত্রাণ চাল আত্মসাতের অভিযোগ উঠেছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। একইভাবে নিয়োগ পাওয়া গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করছেন এ কে এম হেদায়েতুল ইসলাম। একইভাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা।

একইভাবে নিয়োগ পাওয়া আকতারুন নেছা ২০২৩ সালের ৬ সেপ্টম্বর ৩১তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম নারী সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এই কমিটি ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। এই কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই ব্যাচের ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগের ঘনিষ্ঠ নাহিদ হাসান আছেন আইএমইডিতে।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত মোহাম্মদ রেজাউল করিম একইভাবে নিয়োগ পেয়েছেন। চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শিরিন আক্তার একইভাবে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর বগুড়ার জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার মোছা, রওনক জাহান একইভাবে চাকরিতে যোগ দেন। পাবনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা একইভাবে চাকরিতে যোগ দেন।

পিএস

Link copied!