• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্রুত গেজেটের দাবি সরকারি চাকরিজীবীদের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৬:৫৫ পিএম
দ্রুত গেজেটের দাবি সরকারি চাকরিজীবীদের

ছবি: সংগৃহীত

নবম পে-স্কেলের অনুমোদন দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। একই সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুমোদিত এই বেতন কাঠামোর দ্রুত প্রজ্ঞাপন জারি ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা শাখার কাউন্সিল-২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পে-স্কেল কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান, পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রশ্ন জড়িত। নতুন পে-স্কেলের অনুমোদন সরকারি কর্মচারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। শতভাগ মূল বেতন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১৫ শতাংশ বিশেষ ভাতা বহাল রাখার জোর দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মালেক বলেন, কর্মচারীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতেই তাঁরা কাজ করে যাচ্ছেন। পে-স্কেল অনুমোদন এক বড় অগ্রগতি, এখন দ্রুত প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সমিতির মহাসচিব আশিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মামুনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে আশিকুল ইসলাম ৫১ সদস্যের নতুন চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন। এতে পাহাড়তলী রেলওয়ে দপ্তরের মেহেদী হাসান সভাপতি এবং কর্ণফুলী গ্যাসের রফিকুল ইসলাম হাওলাদার সাব্বির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্ব চট্টগ্রামের সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ রেখে অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএইচ 

Link copied!