প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পাশাপাশি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) বর্তমান রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের বর্তমান সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
উপসচিব জেতী প্রু’র সইয়ে বদলিপূর্বক পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে। সেই সঙ্গে রদবদলের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা রয়েছে।
এম







































