• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন চার পাঠ্যবই অনুমোদন 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৬, ০৮:২৩ পিএম
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন চার পাঠ্যবই অনুমোদন 

ছবি: সংগৃহীত

শিক্ষাক্রমকে আরও যুগোপযোগী ও জীবনমুখী করার প্রক্রিয়ায় নতুন কয়েকটি পাঠ্যবই যুক্ত হতে যাচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন করে দুটি করে মোট চারটি পাঠ্যবইয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আগামী শিক্ষাবর্ষ থেকেই বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিসিসির পৃথক দুটি সভায় এই বইগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত নতুন পাঠ্যবইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ নামক দুটি নতুন বই। অন্যদিকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের জন্য পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামের আরও দুটি নতুন বই।

চতুর্থ শ্রেণির নতুন বইগুলোর অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

এদিকে ষষ্ঠ শ্রেণির নতুন বইগুলোর অনুমোদন দিতে আয়োজিত পৃথক সভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। সেখানেও প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন পাঠ্যবইগুলো চালু হওয়ার ফলে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজ দেশের সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং প্রায়োগিক কারিগরি জ্ঞান অর্জনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পাবে।

এসএইচ 

Link copied!