ছবি : সংগৃহীত
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে, সবগুলোতেই একই সঙ্গে ভোট নেওয়া হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।
এসময় আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। তবে পাঁচ ধাপে, নাকি ছয় ধাপে হবে, তা এখনও ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলোতে একইসঙ্গে ভোট নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে নির্বাচন হলো, আবার বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে।’
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের মধ্যে সামনে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন রয়েছে।
ইসির প্রাথমিক পরিকল্পনায় ইউপি নির্বাচন দিয়েই এ ভোটপর্ব শুরু করার কথা রয়েছে।
পিএস







































