ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীকে মুনাফিক দল হিসেবে আখ্যায়িত করে দলটির তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জন্মলগ্ন থেকেই জামায়াত মুনাফেকি আচরণ করে আসছে এবং ইসলামি মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে দলটিকে হেফাজতে ইসলামের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, দলটি একদিকে সরকারের সঙ্গে সহযোগিতার কথা বলছে, অন্যদিকে পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো সরকারবিরোধী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। ইসলামকে পুঁজি করে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে কীভাবে কেবল ক্ষমতায় যাওয়া যায়, জামায়াত এখন সেই চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। অথচ বর্তমান রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় দলটির বিন্দুমাত্র কোনো মনোযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক ভাষা এবং জামায়াতের বর্তমান বক্তব্যের মধ্যে কোনো তফাত নেই উল্লেখ করে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে সরকারবিরোধী বা সরকারকে ব্যর্থ করার কোনো অপচেষ্টা চালানো হলে বিএনপি ও দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাশেদ খাঁন জানান, জুমার দিনে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা দোয়া নিয়েছেন এবং হেফাজত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কল্যাণ কামনা করেছেন। ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠনে হেফাজতের ভূমিকা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এসএইচ