আখতারুজ্জামানের গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছে জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৯:১০ পিএম
আখতারুজ্জামানের গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছে জামায়াত

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর অন্যান্য যাত্রীদের মতোই নানা হয়রানি ও ভোগান্তির শিকার হন আখতারুজ্জামান। বিমানবন্দরের এই অব্যবস্থাপনা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের ও তাঁকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশ নিজেই সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করে তদন্তের কথা বললেও নিরপেক্ষ তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে দ্রুত মামলা করা হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, লাগেজ হারিয়ে যাওয়া, কাউন্টারে ঘোরানো এবং নারী ও প্রবীণ যাত্রীদের নানা ধরনের ভোগান্তির দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়।

যাত্রী হয়রানির মূল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করে জামায়াত নেতা বলেন, এর সঙ্গে জড়িত প্রকৃত দায়িত্বহীন ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পরিশেষে, গ্রেফতারকৃত মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি এবং যাত্রী হয়রানি বন্ধের জোর দাবি জানান তিনি।

এসএইচ 

Link copied!