ফের প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:০৬ পিএম
ফের প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকেই তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরওয়ার আলম। তখন তাকে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছিল। তবে পরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়। নতুন সিদ্ধান্তে আবারও তাকে একই দায়িত্বে আনা হলো।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন–এর সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ–এর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে কাজ করেছেন।

এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–এর পরিচালক (যুগ্ম-সচিব) পদে থাকাকালে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

এসএইচ 


 

Link copied!