পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য উদ্দেশ্য এখন পরিষ্কার: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:৩০ পিএম
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য উদ্দেশ্য এখন পরিষ্কার: প্রধানমন্ত্রী

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানায় সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন দেশের জনগণের কাছে অনেকটাই স্পষ্ট। তিনি মনে করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতের ঘটনাগুলো নতুন করে বিশ্লেষণের সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়া বাণীতে তিনি স্মরণ করেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত অধ্যায়, যখন তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। এদিন তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়। তবে তার বক্তব্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী একটি ষড়যন্ত্র সক্রিয় ছিল—এটি নাগরিকদের অনুধাবনে থাকা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর বিভিন্ন অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে সশস্ত্র বাহিনী দেশের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কোনো গোষ্ঠী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেষে তিনি প্রত্যয় ব্যক্ত করেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্যই হবে শহীদ সেনা দিবসের মূল অঙ্গীকার।

এম

Link copied!