নাটোরে নদীতে মাছ ধরতে গিয়ে শিশুদের হাতে মিলল ৫০ রাউন্ড গুলি

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:২১ পিএম
নাটোরে নদীতে মাছ ধরতে গিয়ে শিশুদের হাতে মিলল ৫০ রাউন্ড গুলি

নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর হাতে ৫০ রাউন্ড গুলি উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায় জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। এ সময় তারা নদীতে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পায় এবং সেটি বাড়িতে নিয়ে আসে।

পরে রাতে তাদের বাবা বাক্সটি খুলে ভেতরে ৫০ রাউন্ড গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কারের জন্য প্লাস্টিকের তৈরি একটি ক্লিনিং রড এবং দুটি ব্রাশ দেখতে পান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সটি জব্দ করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর জানান, প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ‘CBC 32 AUTO’ লেখা রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ 

Link copied!