ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য সাধারণ ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলার পেছনে সুবিধাবাদী একটি শ্রেণি কাজ করেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কিছু মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ ব্যক্তিদের জড়ানো হয়েছে। বিষয়গুলো সরকারের নজরে এসেছে এবং যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য বের করা হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর এবং কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রাখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এমন আরও ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল।
তিনি বলেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতনের মামলা বাদ দিয়ে শুধু রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ জানান, আরও কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলা সত্যিকার অর্থে রাজনৈতিক কি না তা সতর্কতার সঙ্গে যাচাই করতে একটি কমিটি গঠন করা হবে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :