প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ সোমবার প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। একই সঙ্গে বগুড়ার দেড় শ বছরের পুরনো পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সকাল ১১টায় তিনি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, যা এই অঞ্চলের প্রশাসনিক ও নাগরিক সেবায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। এরপর সকাল পৌনে ১২টায় শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা করবেন। একই সঙ্গে বাঘবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি, যা স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শহিদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনে যাবেন। এরপর দুপুর আড়াইটায় তিনি তার পৈতৃক নিবাসে উপস্থিত হবেন এবং সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন। প্রধানমন্ত্রীর এই সফর সরকারি হলেও ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হিসেবে থাকছেন।
বিকেলে জনসভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর পূর্ণতা পাবে। বিকেল ৪টায় আলতাফুন্নেছা মাঠে আয়োজিত বিএনপির বিশাল জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পরিশেষে, বিকেল পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শেষ হবে। এরপর তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।
এম
আপনার মতামত লিখুন :