জাপান সফররত বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ মে) জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জাইকার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। এ সময় ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ জাইকার সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত উন্নয়ন অংশীদারে পরিণত হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
এর আগে শুক্রবার বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি-এর সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা। বৈঠকের শুরুতেই সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে বিরোধী দলীয় নেতা মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানান জাপানি ভাইস মিনিস্টার।
পরে উভয় পক্ষের মধ্যে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি অবকাঠামো, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
এম
আপনার মতামত লিখুন :