সাত জেলায় হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:২০ পিএম
সাত জেলায় হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

ছবি : সংগৃহীত

ঢাকা: রাতে দেশের সাত জেলায় হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোতে।

শুক্রবার (৮ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ী ঝড় এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায়।

পিএস

Link copied!