রাজধানীতে গাড়িচাপায় তরুণ নিহত, ৯ লাখ টাকায় ‍‍`রফাদফা‍‍`

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
রাজধানীতে গাড়িচাপায় তরুণ নিহত, ৯ লাখ টাকায় ‍‍`রফাদফা‍‍`

ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ফুটপাতে প্রাইভেটকার উঠিয়ে নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমকে (২৪) চাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে অভিযুক্ত কিশোরকে হাজির করার পর আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর হোসেন এই তথ্য জানান।

আদালত সূত্র জানায়, শুনানির আগেই দুই পক্ষের সম্মতিতে নয় লাখ টাকার একটি আপসনামা সম্পন্ন হয়। এতে উল্লেখ করা হয়, নিহত মিমের দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য এক লাখ টাকা এবং তার বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যৎ জীবনযাপনের সহায়তায় আরও আট লাখ টাকা দেওয়া হয়েছে। নিহতের পরিবার এই মোট নয় লাখ টাকা বুঝে পেয়েছে বলে চুক্তিপত্রে স্বীকার করেছে।

আপসনামার শর্তানুযায়ী, প্রচলিত আইন ও আদালতের বিধি-বিধান মেনে মামলাটি নিষ্পত্তি বা প্রত্যাহারের কাজে নিহতের পরিবার সার্বিক আইনগত সহযোগিতা করবে। একই সঙ্গে অভিযুক্ত কিশোর আয়াজ আলী শারীফ ও গাড়ির চালক আকাশ মারকের জামিন শুনানিতে নিহতের স্বজনরা আদালতে উপস্থিত থেকে কোনো আপত্তি জানাবেন না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল গত ২২ সেপ্টেম্বর বিকেলে। রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক এলাকার ১ নম্বর সড়কে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী ও নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম গাড়িচাপায় মারাত্মক আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চরম এই প্রাণহানির ঘটনা শেষ পর্যন্ত আদালতে এসে আর্থিক রফাদফায় গিয়ে ঠেকল।

এসএইচ 

Link copied!