• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত, স্বাভাবিক হচ্ছে সরবরাহ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ১০:১০ এএম
সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

সিলেটজুড়ে জ্বালানি সরবরাহ বন্ধের আশঙ্কা আপাতত কেটে গেছে। সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্প মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, ফলে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।

বুধবার গভীর রাতে পাম্প মালিকদের সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের বিভাগীয় নেতারা জানান, সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে জরুরি আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে ভবিষ্যতে পুনরায় আন্দোলনে যাওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

এর আগে প্রশাসনের বিরুদ্ধে ‘জরিমানার নামে হয়রানি ও চাঁদাবাজি’র অভিযোগ তুলে হঠাৎ করেই জ্বালানি বিক্রি বন্ধের ঘোষণা দেন পাম্প মালিকরা। এতে করে সিলেট অঞ্চলে পরিবহন খাতসহ সামগ্রিক জনজীবনে স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতির অবনতি ঠেকাতে রাতেই সক্রিয় হয় প্রশাসন ও রাজনৈতিক মহল। গভীর রাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাম্প মালিকদের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হয়। বৈঠক শেষে ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তে সম্মত হয় পাম্প মালিকরা।

এদিকে সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধানে পৌঁছানো গেলে ভবিষ্যতে এ ধরনের সংকট এড়ানো সম্ভব হবে।

এম

Wordbridge School
Link copied!