ছবি : প্রতিনিধি
ঢাকা: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী জিটুগাড়ী (লেগুনা) ও লাল সবুজ চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালি নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
জানা গেছে, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে রওনা হয়। পথে খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছে বাসটি লেগুনাটিকে সজোরে চাপা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
মালুম ঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএস







































