• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৬, ০৫:২০ পিএম
ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র

ফাইল ছবি

ঢাকা: দেশের বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে যেকোন ধরণের দুর্নীতির ক্ষেত্রে ‘‌নো-টলারেন্স’ নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । একইসঙ্গে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোতে ব্যবহৃত সকল ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের সময় বেধে দিয়েছে সংস্থাটি।

বীমা মালিকদের সংগঠন বিআইএ এবং মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র নির্বাহী কমিটির সাথে অনুষ্ঠিত আইডিআরএ’র মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ‘বীমা খাতের বিদ্যমান সমস্যা ও সমাধান’ শীর্ষক এই সভা সোমবার (১০ আগস্ট) কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ভাইস প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীসহ উভয় কমিটির একাধিক সদস্য বীমা খাতের সমস্যা নিয়ে আলোচনা করেন।

ত্রিপক্ষীয় এই মতবিনিময় সভায় বীমা খাতের সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিতে ৪টি নির্দেশনা দেয়া হয়। সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডুপ্লিকেট সার্ভার বন্ধে আল্টিমেটাম: বীমা কোম্পানিগুলো একাধিক সার্ভার ব্যবহার করে কর্তৃপক্ষকে ডুপ্লিকেট সার্ভারের তথ্য প্রদান করে, যার ফলে তথ্যের সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। এর প্রেক্ষিতে, দেশের ৮০টি বীমা কোম্পানিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে সকল ডুপ্লিকেট সার্ভার ব্যবহার বন্ধ করে একটিমাত্র সার্ভার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। এই সময়সীমা পার হওয়ার পর কোনো কোম্পানির বিরুদ্ধে একাধিক সার্ভার ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আইডিআরএ।

দুর্নীতির ক্ষেত্রে ‘নো-টলারেন্স’ নীতি: দুর্নীতির বিষয়ে ‘নো-টলারেন্স’ নীতি গ্রহণ করবে আইডিআরএ। কর্তৃপক্ষের কোনো কর্মচারী বীমা কোম্পানি থেকে কোনো প্রকার সুযোগ-সুবিধা দাবি বা গ্রহণ করলে এবং বীমা কোম্পানি কর্তৃক কোনো কর্মচারীকে সুবিধা দেয়ার প্রস্তাব দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।

আর্থিক লেনদেনে অভিন্ন পদ্ধতি: বীমা কোম্পানিগুলোর আর্থিক লেনদেন বা চেকে স্বাক্ষরের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে। আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য বিআইএ এবং বিআইএফ’র সমন্বয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ সপ্তাহের মধ্যে আর্থিক লেনদেনের একটি সর্বসম্মত পদ্ধতির সুপারিশ কর্তৃপক্ষের কাছে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে।

সিইও নিয়োগে নতুন নিয়ম: মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ শূন্য থাকার পর কোম্পানিগুলো ৬ মাসের মধ্যে নিয়মিত সিইও নিয়োগে ব্যর্থ হলে আইডিআরএ যোগ্যতার ভিত্তিতে একটি ‘সিইও পুল’ তৈরি করবে। ওই পুল থেকে কর্তৃপক্ষের নির্বাচিত দুইজনের তথ্য কোম্পানিতে পাঠানো হবে এবং কোম্পানির পরিচালনা পর্ষদকে তাদের মধ্য থেকেই যেকোনো একজনকে নিয়োগের প্রস্তাব আইডিআরএ’তে পাঠাতে হবে।

এএইচ/পিএস

Link copied!