ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে নদীর কিনারে নিয়ে আসেন। তবে তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন।
খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটিকে উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। তিমিটির নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছেন। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পিএস







































