• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:১৬ এএম
৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। 

সোমবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।

কাউখালী থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় শাওনের বাড়ির দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। এ ছাড়া দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার উদ্ধার করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া কার্তুজের সঙ্গে কোনো আসল অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এম

Link copied!