• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিন্নাহর ছবিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:২৫ পিএম
জিন্নাহর ছবিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু কর্তৃক 'DU Evaluation' নামে ওয়েবসাইট চালু, 'নির্ভীক জুলাই' স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর বিষয়গুলো খতিয়ে দেখতে এসব কমিটি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২ (৩) ধারা অনুযায়ী উপাচার্য এসব কমিটি গঠন করেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তীতে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রথম ঘটনাটি ঘটে 'DU Evaluation' নামের একটি ওয়েবসাইট চালু করা কেন্দ্র করে। ডাকসুর এই উদ্যোগটির পেছনে কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং IQAC-এর পরিচালক। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

দ্বিতীয় ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া স্মৃতিস্তম্ভ নির্মাণ সংক্রান্ত। সুনির্দিষ্ট নিয়ম থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 'নির্ভীক জুলাই' নামের স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। এই বিষয়টি তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটিতে যুক্ত করা হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টরকে। এস্টেট ম্যানেজার এই কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন।

তৃতীয় ঘটনাটি তৈরি হয়েছে ডাকসু সংগ্রহশালায় ইতিহাসভিত্তিক কিছু স্পর্শকাতর ছবি টানানো নিয়ে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনাটি খতিয়ে দেখতেও পাঁচ সদস্যের পৃথক কমিটি কাজ করবে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর নেতৃত্বে এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টরকে। এখানেও সদস্য-সচিব পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলোর প্রতিবেদন জমা হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে।

এসএইচ 

Link copied!