• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটি থাকবে


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:২৫ পিএম
এখন থেকে ডিসেম্বরে  ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটি থাকবে

অধস্তন আদালতের বার্ষিক ছুটির কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট। এখন থেকে আর পুরো ডিসেম্বর মাসজুড়ে একটানা বার্ষিক ছুটি থাকবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বছরে দুই দফায় ১৫ দিন করে মোট এক মাস ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা—এক দফা জুনে এবং আরেক দফা ডিসেম্বরে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। এ সিদ্ধান্ত চলতি বছর থেকেই কার্যকর হবে।

এর ফলে দীর্ঘদিন ধরে প্রচলিত ডিসেম্বর মাসজুড়ে একটানা ছুটির ব্যবস্থা বাতিল হলো। নতুন ব্যবস্থায় বিচারিক কার্যক্রমে গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফুলকোর্ট সভায় আরও সিদ্ধান্ত হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে। এর মধ্যে ইতোমধ্যে ছয়জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

এম

Wordbridge School
Link copied!