মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ শুনানি শেষে এ দেন। এর আগে বুধবার শুনানি সম্পন্ন হলে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরামসহ অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করে দণ্ড দেন। ২০১৭ সালের ৩১ মে মামলার অভিযোগ আমলে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। মামলায় মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ১৯৭১ সালের ২৬ মে বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চাপড়ী ও তেলিগাতী এলাকায় রাজাকার ও পাকিস্তানি দখলদার বাহিনীর সদস্যরা হামলা চালায়। এতে কয়েক ডজন বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুলিতে অন্তত ১০ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একই বছরের ৭ জুলাই কচুয়া থানার হাজরাখালী ও বৈখালী রামনগর এলাকায় চারজনকে আটক করে আবাদের খালের সেতুতে নিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া ১৩ নভেম্বর মোড়লগঞ্জের ঢুলিগাতী গ্রামে দুই মুক্তিযোদ্ধাকে আটক ও হত্যার অভিযোগ আনা হয়।
১৭ নভেম্বর কচুয়ার বিলকুল ও বিছট গ্রাম থেকে চারজনকে তুলে নিয়ে কাঁঠালতলা সেতুর কাছে হত্যা এবং ৩০ নভেম্বর বিলকুল গ্রাম থেকে মুক্তিযোদ্ধা মুনসুর আলী নকীবকে আটক করে নির্যাতনের পর হত্যার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া উদানখালী গ্রামে এক ব্যক্তিকে হত্যা ও তার মেয়েকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ এবং গজালিয়া বাজারে এক ব্যক্তিকে হত্যার পর তার স্ত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগও প্রসিকিউশনের পক্ষ থেকে আনা হয়।
সব অভিযোগ পর্যালোচনা শেষে আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বাতিল করে খান আকরামকে খালাস দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এম

































-20260220112630.jpg)





