• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ, জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৫৪ এএম
দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ, জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর

ফাইল ছবি

ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মো. মোজাফফর হোসেন তদন্তকারীদের জানিয়েছেন, ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান তাকে গুলি করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে—জানতে চাইলে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান।

তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যার শিকার হন। এর আগে ওই বছরের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে মোজাফফর এ তথ্যও জানিয়েছেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেন গ্রেপ্তার আছেন। ওই মামলায় গত ২৩ জুলাই তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

এসআই

Link copied!