ফাইল ছবি
বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে রবিবার (১ ফেব্রুয়ারি) ১ হাজার ২০০ হিজাব বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) র্যালি, মানববন্ধন ও সেমিনারের আয়োজন করে।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ও কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হিজাব র্যালি বের করা হয়। র্যালিটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ এবং ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ নানা স্লোগান দেন।
র্যালির পরে টিএসসি প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘হিজাব কেবল একটি পোশাক নয়, এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অংশ। সম্প্রতি হিজাব পরিহিত মা ও বোনদের হয়রানির ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’ তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে টিএসসি অডিটোরিয়ামে ‘HIJAB: SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইন্সটিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন। বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব, নারীর মর্যাদা ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক হিসেবে হিজাবের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমের সভাপতিত্বে অতিথি ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। অনুষ্ঠানটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।
এসএইচ







































