ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কবি জসীমউদ্দীন হলের মাঠে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জয় উদযাপন উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল মাঠে ‘ডিজে নাইট’-এর আয়োজন করেন পাশের কয়েকটি হলের ছাত্রদল নেতাকর্মীরা। এ আয়োজনের নেতৃত্বে ছিলেন শহিদ ওসমান হাদি হল (প্রস্তাবিত) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, একই হলের বহিষ্কৃত নেতা শরিফ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার হারুন ও আহ্বায়ক সদস্য আদনান শাহরিয়া।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ছয়টা থেকেই সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। অভিযোগের পর কয়েক দফা গান বন্ধ করা হলেও রাত ১০টার দিকে আবারও সর্বোচ্চ ভলিউমে গান চালানো হয়। এতে পাশের কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থীরা বিরক্ত হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে কয়েকজন শিক্ষার্থী মাঠে গিয়ে গান বন্ধ করলে তাদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উত্তপ্ত বাকবিনিময় হয়। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়ে আসে।
উচ্চ শব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, পরদিন তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু সন্ধ্যা থেকে বিকট শব্দে গান বাজানোর কারণে পড়াশোনা করা তো দূরের কথা, ঘুমাতেও সমস্যা হয়েছে।
অন্যদিকে আয়োজকদের একজন, ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সামিউল আলম দাবি করেন, তারা প্রক্টরের কাছ থেকে রাত ১০টা পর্যন্ত গান বাজানোর অনুমতি নিয়েছিলেন। তবে কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এমন কোনো অনুমতির তথ্য নেই। হল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া সেখানে গান বাজানোর নিয়ম নেই এবং আশপাশে একাধিক আবাসিক হল থাকায় উচ্চস্বরে সাউন্ড ব্যবহারের অনুমতি সাধারণত দেওয়া হয় না।
এসএইচ







































