• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২৭


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২৬, ০৫:১৯ পিএম
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২৭

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৭ জন। 

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫২ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬০ জনের মৃত্যু হলো।

পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি হামের প্রকোপ ঢাকা বিভাগে। এই বিভাগে ৩৯ হাজার ৮৯৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ১১৭ জনের।

এসএইচ 

Link copied!