ছবি : সংগৃহীত
ঢাকা: নেপালে ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত ৫৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া এ ঘটনায় ১ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপাল পুলিশের সর্বশেষ আপডেট অনুযায়ী, নিহতের সংখ্যা কিছুক্ষণ আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA) প্রকাশিত ৫৩৮ জনের সংখ্যার চেয়ে বেড়েছে।
দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে বর্তমানে ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ।
পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, ভয়াবহ এ বন্যায় ১৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সময় যত যাচ্ছে, জীবিত কাউকে উদ্ধারের আশা ততই কমে আসছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের সন্ধান করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া হাজারো মানুষের কাছে জরুরি খাবার ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে। কোথাও কোথাও প্রশিক্ষিত কুকুর দিয়েও নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে হঠাৎ করে নেপালের রাসুয়া জেলার দিকে ধেয়ে আসে আকস্মিক ঢল। হিমবাহ ধসের পর চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র গতিতে ছুটলে এই বিপর্যয়ের শুরু হয়। বন্যার তীব্র স্রোত ভোতেকোশি ও ত্রিশূলী নদীর আশপাশের বিভিন্ন শহর ও গ্রামে আঘাত হানে। ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎকেন্দ্র।
উদ্ধার অভিযান চলার সময় ওপর থেকে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে বন্যার ভয়াবহতা। একসময়ের প্রাণবন্ত গ্রামগুলোর ঘরবাড়ি এখন কাদায় মাখামাখি হয়ে আছে।
রেডক্রসের (আইএফআরসি) নেপাল প্রধান ডেভিড ফিশার জানান, এই বন্যায় কিছু গ্রাম ও ব্যস্ততম বাজার এলাকা পুরোপুরি বিলীন হয়ে গেছে।
নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১৪২ জন ভারতের নাগরিক। এছাড়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের পর্যটকও আছেন নিখোঁজের তালিকায়।
এদিকে বন্যার পানি ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ এখন নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানিতে তৈরি হওয়া নতুন একটি হ্রদ ভেঙে আরও বড় বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ধ্বংসাবশেষ জমে ভোতেকোশি নদীর ওপর একটি অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে। পানির পরিমাণ ক্রমেই বাড়ছে। হ্রদটির বাঁধ ভেঙে গেলে আবারও ভয়াবহ বন্যা হতে পারে।
চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে হঠাৎ এমন একটি কৃত্রিম লেক তৈরি হয়েছে, যা উপচে পড়ে যে কোনও সময় আঘাত হানতে পারে নতুন আরেকটি ভয়াবহ বন্যা।
পিএস























original1787417799-20260822173831.jpg)















