পিরোজপুরে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:২৪ পিএম
পিরোজপুরে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

ছবি: প্রতিনিধি

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গত তিন দিন ধরে প্রায় ৩৫ থেকে ৪০ জন শ্রমিক বিরামহীনভাবে কাজ করছেন মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব প্রস্তুতিতে। আয়োজকদের প্রত্যাশা, পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে এই জনসভায়।

আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আক্তার মিতুসহ ১১ দলীয় জোটের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আগামীকাল কেন্দ্রীয় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান পিরোজপুরে শুভ আগমন করবেন। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে। তাঁর ভাষ্য, প্রস্তুতির কাজ আজকের মধ্যেই সম্পন্ন হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই জনসভা সফল ও সার্থক হবে। পিরোজপুরবাসীর জন্য আমীরে জামায়াত নতুন বার্তা নিয়ে আসবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।’

এসএইচ 

Link copied!