ঈশ্বরদীতে শতাধিক যুবদল, ছাত্রদল নেতা-কর্মীর পদত্যাগ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৪২ পিএম
ঈশ্বরদীতে শতাধিক যুবদল, ছাত্রদল নেতা-কর্মীর পদত্যাগ

ছবি: প্রতিনিধি

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে শতাধিক নেতা-কর্মী বিএনপি থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের কাচারিপাড়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতা-কর্মীদের পক্ষে লিখিত বক্তব্য দেন সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাসেল পারভেজ।

লিখিত বক্তব্যে রাসেল পারভেজ বলেন, “বিগত দিনে বিএনপির তৃণমূল নেতা-কর্মীর একমাত্র আশ্রয়স্থল ছিল জাকারিয়া পিন্টু। তার নেতৃত্বে আমরা আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলীয় মনোনয়ন আশা করেছিলাম। কিন্তু হাইকমান্ড সেই আশা উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দিয়েছে, যিনি পূর্বে আওয়ামী লীগ করতেন এবং তৃণমূল বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে। সেই ফ্যাসিস্টদের পুনর্বাসন ও তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে আমাদের ওপর জুলুম, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। যে দলের জন্য সর্বস্ব ত্যাগ করেছি, সেই দল থেকে আমরা নির্মম আচরণ পাচ্ছি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তবে প্রয়োজন হলে দলের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।”

উল্লেখ্য, পাবনা-৪ আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এই আসনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত মো. জাকারিয়া পিন্টু। তিনি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কেন্দ্রীয় বিএনপি তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে। একই অভিযোগে স্থানীয় যুবদলের ছয় নেতাকেও বহিষ্কার করা হয়েছে।

এসএইচ 

Link copied!