ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে দুইজন নিহত ও তিনজন আহতের ঘটনায় মূল হোতা শরীফ উদ্দীন দুলালকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়ার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সম্প্রতি জামায়াতে ইসলামি-এ যোগ দিয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নন তিনি, তবুও তদন্তে জানা গেছে, তার নির্দেশেই বোমা বানানো হচ্ছিল। দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিস্ফোরণ ঘটেছিল গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে। নিহত হয়েছেন জিহাদ আলী ও আল আমিন। আহত হয়েছেন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :