আমার মেয়াদ শেষ হবে ২০২৯ সালে: চসিক মেয়র

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:০৯ পিএম
আমার মেয়াদ শেষ হবে ২০২৯ সালে: চসিক মেয়র

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: আদালতের রায়ের ভিত্তিতে ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে বলে দাবি করেছেন ডা. শাহাদাত হোসেন। তবে কাউন্সিলর না থাকায় নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তিনি নির্বাচন চান বলেও জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। সাংবাদিকরা জানতে চান, ২০২১ সালে গঠিত চসিকের ষষ্ঠ পর্ষদের মেয়াদ রোববার শেষ হওয়ায় সোমবার থেকে তিনি মেয়র নাকি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। জবাবে ডা. শাহাদাত বলেন, “আমি কোনো প্রশাসক নই, আমি মেয়র। আদালতের রায়ে আমাকে মেয়র ঘোষণা করা হয়েছে। ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। চাইলে আমি সে সময় পর্যন্ত থাকতে পারব।”

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে দায়িত্বে থাকতে হবে। “আমি না থাকলে কর্পোরেশন চালাবে কে? আগে প্রশাসক ছিল, তাকে সরিয়ে আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়রের পরে আবার প্রশাসক দেওয়ার সুযোগ নেই,” বলেন তিনি।

নির্বাচন চাওয়ার কারণ ব্যাখ্যা করে মেয়র বলেন, আদালতের রায়ের ভিত্তিতে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারলেও তিনি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চান। “আমি দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি। আমার জনপ্রিয়তা যাচাই করতে চাই,” বলেন তিনি।

২০২১ সালের চসিক নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. শাহাদাত অভিযোগ করেন, সে সময় ভয়ভীতি ও নির্যাতনের পরিবেশে ভোটগ্রহণ হয়েছিল। তার ভাষ্য, নির্বাচনে এজেন্ট ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, ইভিএমের ফলাফলের প্রিন্টেড কপি না দিয়ে হাতে লেখা ফল দেওয়া হয়েছিল, যা তিনি গ্রহণ করেননি।

তিনি জানান, ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার এক সপ্তাহের মধ্যে তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের রায়ে সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর মেয়াদ অবৈধ ঘোষণা করা হয় এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

ডা. শাহাদাত বলেন, “৩ নভেম্বর আমি শপথ নিয়েছি। ওই দিন থেকেই পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছি। কাজেই আমার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ৩ নভেম্বর, এর আগে নয়।”

তিনি আরও বলেন, গত ১৬ বছরে তিনি যে দুটি নির্বাচনে অংশ নিয়েছেন, সেখানে উৎসবমুখর পরিবেশ পাননি। “আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। চট্টগ্রামে প্রায় ২২ লাখ ভোটার। তাদের কতজন আমাকে সমর্থন করেন, তা জানতে চাই,” বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দল তাকে প্রার্থী ঘোষণা করলে তফসিল ঘোষণার পর তিনি পদত্যাগ করবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চসিকের ষষ্ঠ পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইনে প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয়। সে হিসেবে ষষ্ঠ পর্ষদের মেয়াদ শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ডা. শাহাদাত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। ৩ নভেম্বর শপথ গ্রহণ এবং ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

পিএস

Link copied!