এমপি আসার খবরে হাসপাতালে ২৩ জন ভর্তি, পরিদর্শন শেষে চলে যান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:২৪ পিএম
এমপি আসার খবরে হাসপাতালে ২৩ জন ভর্তি, পরিদর্শন শেষে চলে যান

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে আসবেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর সকালে ২৩ জন একসঙ্গে ভর্তি হন। তবে এমপি চলে যাওয়ার পরপরই তারা হাসপাতাল ত্যাগ করেন। সোমবার এ ঘটনা ঘটে।

দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। পরিদর্শন শেষে বেলা একটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

পরিদর্শন প্রসঙ্গে বক্তব্য জানতে সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ভর্তি হওয়া ব্যক্তিরা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হন তারা। পরে নগরের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর পুনরায় অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ ছিল। তবে সংসদ সদস্যের পরিদর্শন শেষ হওয়ার পরই তারা হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন। তাদের অভিযোগ, নির্ধারিত শয্যা থেকে সরিয়ে সেখানে নতুন রোগীদের রাখা হয়েছিল। যদিও পরে তারা নিজেদের শয্যা ফিরে পান বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, কয়েকজন রোগী ফলোআপ চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন এবং তাদের দুটি পুরুষ ওয়ার্ডে রাখা হয়। নিয়মিত রোগীদের বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয়।

এসএইচ 
 

Link copied!