কর্ণহারে শিশুর মরদেহ উদ্ধার

পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১২:৪৮ পিএম
পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত ও সাত জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সাথে থাকা পিকাআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রাজশাহী জেলা পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোর রাতে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাঁকী ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মরদেহ থানা থেকে ময়না তদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে রাজশাহীর কর্ণহার থানার ধরমপুর এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আদিব নামের ১১ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশুটির পরিবার জানিয়েছে, সন্ধ্যায় তারাবির নামাজের পর থেকে আদিবকে খুঁজে পাচ্ছিলো না তারা। সকালে এলাকাবাসী ও স্বজনরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

কর্ণহার থানা পুলিশ আদিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের ধারণা, শিশুটির প্যান্টের বেল্ট দিয়ে তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পিএস

Link copied!