গণমাধ্যমকেও জনগণের কাছে জবাবদিহি করতে হবে : তথ্যমন্ত্রী

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৪:৪৭ পিএম
গণমাধ্যমকেও জনগণের কাছে জবাবদিহি করতে হবে : তথ্যমন্ত্রী

ছবি: প্রতিনিধি

বরিশাল: প্রধানমন্ত্রী যেমন জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকেন, তেমনি গণমাধ্যম কর্মীদেরও জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২২ মার্চ) সকালে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন ও অগ্রগতির খবর যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিষয়েও সাহসিকতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করতে হবে। তবে তা অবশ্যই তথ্যভিত্তিক ও যাচাই-বাছাই করে করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব পান্না মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এসআই

Link copied!