ফুটপাতেই জীবনের ৮৪ বছরের লড়াই, থামেননি সোফির উদ্দিন

  • জনাব আলী, রাজশাহী ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৪:৪২ পিএম
ফুটপাতেই জীবনের ৮৪ বছরের লড়াই, থামেননি সোফির উদ্দিন

ছবি : প্রতিনিধি

রাজশাহী: জীবনের শেষ প্রান্তে এসে অনেকেই যখন বিশ্রামে যান, তখনও থামেননি সোফির উদ্দিন। বয়স ৮৪ হলেও জীবিকার তাগিদে প্রতিদিনই তাকে দেখা যায় রাজশাহী নগরীর ফুটপাতে বসে ব্যবসা করতে। 

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট গ্রামের এই প্রবীণ মানুষটি গত প্রায় অর্ধশতাব্দী ধরে নগরীর বিভিন্ন মোড়ে বসে হাতপাখা, ঝুঁড়ি, ডালা ও বাঁশের তৈরি নানান সামগ্রী বিক্রি করে জীবনযাপন করছেন।

প্রতিদিন সকালেই বাড়ি থেকে রওনা হয়ে নগরীতে আসেন তিনি। উপশহর নুর মসজিদের সামনে কিংবা আশপাশের এলাকায় ফুটপাতে বসে নিজের পসরা সাজান। এরপর শুরু হয় অপেক্ষা কখন আসবেন ক্রেতারা। কখনো বিক্রি ভালো হয়, আবার কখনো সারাদিন বসেও তেমন আয় হয় না। তবুও থেমে নেই তার পথচলা।

সোফির উদ্দিন জানান, “বয়স তো অনেক হয়েছে, কিন্তু বসে থাকলে চলবে না। নিজের খরচ নিজেকেই চালাতে হয়।” জীবনের দীর্ঘ সময় জুড়ে তিনি এই পেশার সঙ্গে জড়িত। নানা প্রতিকূলতা, শারীরিক কষ্ট আর বয়সের ভার সবকিছুকে উপেক্ষা করেই প্রতিদিন কাজে বের হন।

স্থানীয়রা বলেন, এমন বয়সেও তার কর্মস্পৃহা সত্যিই অনুপ্রেরণাদায়ক। অনেকেই তার কাছ থেকে পণ্য কেনার পাশাপাশি সহানুভূতির হাত বাড়িয়ে দেন। তবে স্থায়ী কোনো সহায়তা বা নিরাপত্তা না থাকায় তার মতো প্রবীণদের জীবন এখনও অনিশ্চয়তায় ভরা।

রাজশাহী নগরীর উপশহর নুর মসজিদের সামনে সোমবার কথা হয় সোফির উদ্দিনের সাথে। সেখানে এই সংগ্রামী মানুষের বাস্তব জীবনচিত্র ফুটে ওঠে। সেখানে একটি ছোট পসরা, পাশে বসে থাকা এক বৃদ্ধ, আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ দেখে চোখে জল আসে। সোফির উদ্দিনের এই নিরলস সংগ্রাম আমাদের সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরে যেখানে বয়স নয়, জীবিকার তাগিদই সবচেয়ে বড় সত্য।

তিনি বলেন, পেটের দায়ে এই ছোট্ট ব্যবসা করতে হয়। কি করবো না করে। পেট তো চালাতে হবে। জীবনের শেষ বয়সেও কাজ করে যেতে চাই। তবুও কারো কাছে হাত পাততে রাজি নই।

পিএস

Link copied!