ছবি: প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর এলাকায় সম্প্রতি অপরাধমূলক তৎপরতা ও ডাকাত আতঙ্ক বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেলে এক সচেতনতামূলক মতবিনিময় সভায় এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে চোখ-মুখ বাঁধা এবং ভারী অস্ত্রে সজ্জিত একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক চলাচল লক্ষ্য করা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় এলাকার প্রবেশপথ ও অলিগলিতে যুবকদের সমন্বয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার খবর দ্রুত ছড়িয়ে দিতে বিশেষ যোগাযোগব্যবস্থাও চালু করা হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আক্কেল মালিথা, শেখ মজনু, সোলেমান মন্ডল, আব্দুর রহমান ও আব্দুল কুদ্দুস সানা প্রমুখ বক্তব্য দেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, গোকুলনগর এলাকায় ডাকাত চক্রের উপস্থিতির খবর পাওয়ার পর এলাকাবাসীর পাহারার পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হচ্ছে। ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পাহারার পাশাপাশি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এসএইচ