১৭ লাখ টাকার ওষুধ চুরি: গোবিন্দগঞ্জ থেকে তিন চোরসহ গ্রেপ্তার ৪

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:২৩ পিএম
১৭ লাখ টাকার ওষুধ চুরি: গোবিন্দগঞ্জ থেকে তিন চোরসহ গ্রেপ্তার ৪

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় ফার্মেসির শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনায় তিন চোরসহ এক ওষুধের দোকানদারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ বহনে ব্যবহৃত পিকআপ ও চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার সৌহার্দ ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা টিনের শাটারের তালা ভেঙে ফার্মেসিতে প্রবেশ করে প্রায় ১৭ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

চুরির পর ফার্মেসির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিন চোর ও এক ওষুধের দোকানদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওষুধ বহনে ব্যবহৃত পিকআপ এবং চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা সদর থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে চুরির নেপথ্যে থাকা অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পিএস

Link copied!