ছবি : প্রতিনিধি
খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ৬নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং তেরখাদার পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল্লার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
জেলা পুলিশের তথ্যানুযায়ী, শনিবার সকালে সেনেরবাজার-মধুপুর সড়কের উক্ত এলাকায় একটি ভ্যানে অবস্থান করছিলেন যুবদল নেতা রামীম বিশ্বাস। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার পাঁজরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের
সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ আলামত সংগ্রহ করে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ জানিয়েছে, অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, অপরাধীদের শনাক্তকরণ এবং তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
পিএস