ছবি: সংগৃহীত
জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেল। গত শুক্রবার বিকেলে ট্রেন থেকে নামার সময় ৪-৫ জন তরুণ তার স্ত্রীকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তার ডান হাতের একটি আঙুলের কবজির অংশ ভেঙে যায়। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদিদ হাসান হিমেল তার স্ত্রী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর স্টেশনে আসেন। প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার মুহূর্তেই কয়েকজন বখাটে তরুণ তার স্ত্রীকে উদ্দেশ্য করে ইভটিজিং বা কটূক্তি করেন। হিমেল তাৎক্ষণিক এর প্রতিবাদ জানালে আটক আকাশসহ ৪-৫ জন তরুণ হিংস্র হয়ে তার ওপর চড়াও হন এবং তাকে বেদম মারধর করেন।
ঘটনার পর রেলওয়ে পুলিশের সহযোগিতায় বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা আমানুল্লাহ আকাশকে হাতেনাতে আটক করা হয়। আহত হিমেলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাদিদ হাসান হিমেল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার বা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আগামী ১ নভেম্বর তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ নামে একজনকে আটক রাখা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসা শেষে ফিরে লিখিত অভিযোগ দায়ের করলে জড়িত বাকিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ