ছবি: প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে এসব জনসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতারা। সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) এলাকার বোয়ালমারী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমীর। একইদিন রাত ৮টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নির্বাচনী সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ফরিদপুরের দুটি সংসদীয় আসনে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ১১ দলীয় জোটের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জেলা জামায়াত সূত্র জানায়, নড়াইলের নির্বাচনী জনসভা শেষে জামায়াত আমীর প্রথমে বিকেলে বোয়ালমারীর জনসভায় অংশ নেবেন। এরপর তিনি ফরিদপুর শহরে এসে রাতের জনসভায় বক্তব্য দেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওহাব জানান, জনসভা উপলক্ষে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থাকবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরউদ্দিন বলেন, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ফরিদপুর সফর ঘিরে এ অঞ্চলের মানুষের নানা প্রত্যাশা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, ক্যান্টনমেন্ট নির্মাণ এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল আধুনিকায়নের দাবি দীর্ঘদিনের। জনসভা থেকে এসব দাবি আমীরে জামায়াতের কাছে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে জামায়াত-১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ফরিদপুরসহ এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবসহ জেলা জামায়াতের নেতারা।
ফরিদপুর-১ আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা এবং ফরিদপুর-৩ (সদর) আসনে প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব।
এসএইচ
আপনার মতামত লিখুন :