ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: স্বপন

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:২৮ পিএম
ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: স্বপন

ছবি: প্রতিনিধি

বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমান ছাড়া আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের একমাত্র ভরসার স্থল।

বৃহস্পতিবার বেলা ১২টায় গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল গ্রামে জনসংযোগ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। তাই এই নির্বাচনে কোন প্রকার ভুল করা যাবে না।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট নিশ্চিত করার আহ্বান জানান। উঠান বৈঠকে উপস্থিত নারী ও পুরুষদের সাথে কুশল বিনিময় শেষে তিনি ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন।

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

একইদিন ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াশুর, পৌরসভার দিয়াশুর বাংলাবাজার, লেবুতলী, হিজলতলা, টরকীরচরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

এসএইচ 

Link copied!