নাটোরে জামায়াতের মহিলাদের বিশাল মিছিল ও পথসভা

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:০৭ পিএম
নাটোরে জামায়াতের মহিলাদের বিশাল মিছিল ও পথসভা

ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী।

মিছিলটি বাগাতিপাড়া পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়, যেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইশরাত জাহান বেবী, নাটোর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।

বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

প্রায় সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে শেষ হয়।

এসএইচ 

Link copied!