ছবি: প্রতিনিধি
রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার এক আসামি নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। ২১ দিন ধরে মাসুম বিল্লাহ (২৭) নামের ওই তরুণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে তাঁর পরিবার চরম উদ্বেগে রয়েছে। স্বজনদের আশঙ্কা, মামলার বাদীপক্ষ বা অন্য কেউ তাঁকে অপহরণ করে নিয়ে গেছে।
মাসুম রাজশাহী নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোবারক আলী সূর্য। তাঁদের গ্রামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তেরোপাড়া গ্রামে। এ ঘটনায় তাঁর মা রাবেয়া বেগম গত ১১ ফেব্রুয়ারি নগরের রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মাসুম বিল্লাহ পেশায় ছাত্র। ২০২২ সালে একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হন। ওই মামলার ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। গত ৮ ফেব্রুয়ারি মামলার হাজিরা দিতে মাসুম আদালতে যান। হাজিরা শেষে তিনি গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাবেন বলে পরিবারকে জানান। কিন্তু সেদিন থেকে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লিখিত অভিযোগে রাবেয়া বেগম সন্দেহ প্রকাশ করে বলেন, হত্যা মামলার বাদীপক্ষ বা অন্য কেউ আদালত চত্বর এলাকা থেকে তাঁর ছেলেকে অপহরণ করে থাকতে পারে। বাদীপক্ষ এর আগে বিভিন্ন সময় ভয়ভীতি ও তুলে নেওয়ার হুমকি দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে মামলাটি আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলায় এত দিন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়নি।
মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, বাদীপক্ষের পক্ষ থেকে আগেও হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্ব না দিয়ে স্থানীয়ভাবে আপসের চেষ্টা চলছিল। আলোচনাও হচ্ছিল। এর মধ্যেই হাজিরার দিন তাঁর ভাই নিখোঁজ হন। এখন পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বেগে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালে গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মামুন-অর-রশিদ নামের এক যুবক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় মাসুম বিল্লাহকে।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো মাসুম বিল্লাহর সন্ধান মেলেনি। তাঁর মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :