ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় নিজ বাবা-মাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে তাদেরই দুই ছেলের বিরুদ্ধে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার ৪নং সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫৭) ও তার স্ত্রী বিউটিকে (৪৮) গত মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে পদ্মা বাজার এলাকায় প্রকাশ্যে নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাদের দুই ছেলে বেল্লাল (৩১) ও হেলালকে (২৭)।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সূত্রপাত হয় স্থানীয় একটি মসজিদের দিঘী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে। গত রোববার সকালে অভিযুক্তরা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় এবং পরে তা প্রায় ৪৫ হাজার টাকায় বিক্রি করে। এ নিয়ে বাবা-মা প্রতিবাদ করলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, এ সময় মাকে মারধর করা হয় এবং বাবাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলেদের মধ্যে দ্বন্ধ চলছিল। সেই বিরোধ থেকেই এ ধরনের নৃশংস ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও তার স্ত্রী পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নুরুল ইসলাম বলেন, আমার ছেলেরা প্রায়ই আমাদের মারধর করে। তারা মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে চাই এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এদিকে ঘটনার পর মামলা করতে থানায় গেলে নুরুল ইসলামের শ্যালক জলিল সরকার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তবে এখনো কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। একইভাবে জলিল সরকারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের দেখেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বিষয়টি আমাদের জানা আছে। ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি তীব্র নিন্দার ঝড় বইছে।
পিএস
আপনার মতামত লিখুন :