ছবি : সংগৃহীত
ঢাকা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা যতই বাড়ছে যানজটের পরিমাণ দীর্ঘ হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চালক ও ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
চন্দ্রা এলাকায় আবুল হোসেন বলেন, রাস্তাজুড়ে শুধু যানজট আর মানুষ। গাড়ি ছেড়ে অটোরিকশায় করে এসেছি, কিন্তু এখানেও একই অবস্থা।
হেমায়েত হোসেন পাবনায় সাথিয়া উপজেলায় যাবেন। তিনি বলেন, গাজীপুরেই আটকে আছি কয়েক আড়াই ঘণ্টা। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।
বগুড়ার যাত্রী সাইদুল ইসলাম বলেন, ঈদের আগে এমন ভোগান্তি প্রতিবছরই হয়, কিন্তু এবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
এসআই
আপনার মতামত লিখুন :