পাথরঘাটায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

  • পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৩:৩৪ পিএম
পাথরঘাটায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার পাথরঘাটায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পৌরসভার চৌধুরী মাসুম টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও পাথরঘাটার কিছু এলাকার মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করেছেন। তারা চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত সময় অনুযায়ী নামাজ আদায় করেন।

ঈদ জামাতের প্রধান উদ্যোক্তা চৌধুরী মোহাম্মদ মাসুম বলেন, বরগুনা জেলায় তিনিই প্রথম এ উদ্যোগ শুরু করেন এবং গত বছর জেলায় ৩২টি জামাত অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় চলতি বছরও বিভিন্ন স্থানে ঈদের জামাত হচ্ছে। শুরুতে কিছু বাধার সম্মুখীন হলেও বর্তমানে তা অনেকটাই কমেছে বলে তিনি জানান।

চাঁদ দেখার বিষয়ে তিনি বলেন, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই হিসাব অনুযায়ী ঈদ পালন করা যেতে পারে। একই মত প্রকাশ করে স্থানীয় মুসল্লি মুজিবুর রহমান বলেন, ইমাম আবু হানিফা (রহ.)-এর ফিকহ অনুযায়ী বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা বৈধ।

অন্যদিকে মাওলানা শামীম বলেন, তারা কোরআন-হাদিসের আলোকে চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করেন। কোনো দেশের অনুসরণ নয়, বরং শরিয়তের ভিত্তিতেই তারা একদিন আগে ঈদ উদযাপন করছেন।

এ সময় জামাতে বক্তব্য দেন মো. আব্দুল কাদের। নামাজ ও খুতবা পরিচালনা করেন চৌধুরী হাবিবুর রহমান হাফিজি ও  এতিমখানা মাদ্রাসার হাফেজ সাহেব।  নামাজ শেষে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ঈদ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এসআই

Link copied!